ময়মনসিংহে দোকানে ঢুকে সুসেন চন্দ্র সরকার নামের চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, লুটপাট - ১৬.২.২৬

 


ময়মনসিংহের ত্রিশালে সুসেন চন্দ্র সরকার (৬২) নামের এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর দোকান থেকে কয়েক লাখ টাকা লুটপাট করা হয় বলে স্বজনদের অভিযোগ। গতকাল সোমবার রাতে উপজেলার বগার বাজার চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত সুসেন চন্দ্রের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তিনি ত্রিশাল উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা। উপজেলার বগার বাজার চৌরাস্তায় ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামে তাঁর একটি চালের আড়ত আছে।

নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে দুর্বৃত্তরা দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সুসেন চন্দ্র সরকারকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাঁকে দোকানের ভেতর ফেলে রেখে শাটার বন্ধ করে পালিয়ে যায়। একপর্যায়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর দোকানের শাটার খুলে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুসেনের ছেলে সুজন সরকার বলেন, তাঁদের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তাঁর বাবাকে নির্মমভাবে হত্যার পর দোকান থেকে কয়েক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। দীর্ঘদিন ধরে চালের ব্যবসা করতেন তিনি। তাঁরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। জড়িত কাউকে আটক করা যায়নি। তাঁরা ঘটনাটি তদন্ত করছেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

সূত্রঃ

১. https://www.prothomalo.com/bangladesh/district/ksp9kqn7gy 

২. https://bangla.bdnews24.com/samagrabangladesh/53f822932700 

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন