বগুড়ায় ভক্তরাম বিশ্বাসের বাড়িতে ডাকাতি, ২লাখ টাকা-১০ ভরি স্বর্ণ লুট - ২১.১.২৬

বগুড়ায় গভীর রাতে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে ডাকাতি, দুই লাখ টাকা-১০ ভরি স্বর্ণ লুট

বগুড়ায় গভীর রাতে এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির আগে ওই ব্যবসায়ী ও কয়েকজন প্রতিবেশীর ঘরের দরজা বাইরে থেকে আটকে দেওয়া হয়। গৃহস্থের অভিযোগ, দম্পতিকে মারধর করে নগদ দুই লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণের গহনা লুট করা হয়েছে। পরে ডাকাতরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে।
 
বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে জেলার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামের দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
 
ভক্তরাম বিশ্বাসের ছেলে পঙ্কজ বিশ্বাস জানান, বুধবার রাত দুইটার পর বাড়ির গোয়াল ঘর থেকে গরুর ডাক শুনে ঘরের দরজা খুলে বের হতেই মুখোশ পড়া ১৫-১৬ জনের ডাকাত দল ঘরে প্রবেশ করে।
তিনি জানান, ডাকাতদল বাবা ভক্তরাম বিশ্বাস ও মা সবিতা রানী দাসকে মারধর করে ঘরে রাখা সিন্দুক ভেঙে ১০ ভরি স্বর্ণের গহনা ও নগদ দুই লাখ টাকা লুট করে। 
 
তিনি আরও জানান, ডাকাতদল আমার ঘরের দরজা বাহির থেকে আটকিয়ে দেয় এবং প্রতিবেশী আরো কয়েকটি বাড়ির ঘরের দরজা বাহির থেকে আটকিয়ে দেয়। আমাদের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এলে ডাকাতদল দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ডাকাতি করার আগে তারা গ্রামের একটি ফাঁকা মাঠে বসে ককটেল তৈরি করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার পর ফাঁকা মাঠ থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। 
 
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।
 

 

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন